আড়াইহাজারে আওয়ামীলীগের বালাই নাই, বিএনপি সুসংগঠিত : এমপি আজাদ


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Sep 18, 2026 আড়াইহাজারে আওয়ামীলীগের বালাই নাই, বিএনপি সুসংগঠিত : এমপি আজাদ
বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, আড়াইহাজারে কোন দলীয় কোন্দল নেই। যারা বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করেছে, যারা দোসর ছিল তারা নজরুল ইসলাম বাবুর মতই, তারা বিএনপি করতো না। আড়াইহাজার বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং এক আছি। বাংলাদেশের যে কোন উপজেলার তুলনায় আড়াইহাজার বিএনপি বেশি ঐক্যবদ্ধ। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সর্বপ্রকার পদক্ষেপ নেব। একটি সুন্দর আড়াইহাজার গড়ে তুলে মাননীয় প্রধানন্ত্রীকে উপহার দেব। 

শুক্রবার সন্ধ্যায় আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আড়াইহাজার বিএনপিতে কোন কোন্দল নেই। যারা বিগত সময়ে বিএনপিকে কলুষিত করার চেষ্টা করেছে, আজকে তারা আড়াইহাজার থেকে বিতাড়িত। তারা ভিন্ন ধারায় নির্বাচন করে বিএনপির সাথে বেঈমানী করে নিজেরা লজ্জা পেয়ে আড়াইহাজার থেকে দূরে আছে।

তিনি বলেন, আমেরিকা থেকে বসে বসে অনেক বড় বড় কথা বলা যায়। তবে আড়াইহাজার বিএনপি অনেক সুসংগঠিত। এখানে আওয়ামী লীগের বালাই নাই। তাদের মিনিমাম কোন অবস্থা নাই, তারা আড়াইহাজারে কোন অবস্থান তৈরি করার ক্ষমতা রাখেনা। আড়াইহাজারের নামে রূপগঞ্জ সহ বিভিন্ন স্থানে মিছিল করে তারা বলে আড়াইহাজার। কিন্তু আসলে সেটা সত্য না। আড়াইহাজারে তারা কোন মিছিল করতে পারে নাই। 

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার আড়াইহাজার বিএনপি শতভাগ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ কিংবা যে কোন ষড়যন্ত্রকারীরা আড়াইহাজারে কোন প্রকার ষড়যন্ত্র করতে পারবে না। আড়াইহাজারে বিএনপির ঘাটি ছিল এবং আপনার নেতৃত্বে আড়াইহাজার বিএনপির ঘাটি এখনো আছে।