রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিতের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 15, 2026 রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিতের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার নারায়ণগঞ্জের রূপগঞ্জে একরামুনন্নেছা নামের এক স্কুলশিক্ষিকাকে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা আফজাল মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া সই করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার দাউদপুর এলাকায় কালনী হিড়নাল উচ্চ বিদ্যালয়ে লাইব্রেরিতে সহকারী শিক্ষিকা একরামুননেসা বিউটিকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে।

আফজাল মোল্লা দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

হামলার শিকার শিক্ষিকা একরামুন্নেছা বিউটি জানান, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিজের মতো করে করতে চান বিএনপি নেতা আফজাল মোল্লা। সেসময় তিনি বাধা দেন এবং তার সঙ্গে তর্ক-বিতর্ক হয়। সেই থেকেই তার ওপর আক্রোশ ছিল আফজাল মোল্লার।

তিনি আরও বলেন, পূর্বশত্রুতার জেরে ঘটনার প্রতিশোধ নিতেই বুধবার দুপুরে কালনী হিড়নাল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিতে প্রবেশ করেন আবজাল। এসময় ঠুনকো অজুহাতে একরামুন্নেছার ওপর চড়াও হয়ে কিল-ঘুসি মেরে আহত করেন। এ ঘটনায় উপস্থিত শিক্ষকরা বাধা দিতে গেলে তাদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষিকাকে লাঞ্ছিতের ঘটনায় আফজাল মোল্লাকে দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদসহ প্রাথমিক সদস্য ও দলীয় সব কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে আফজাল মোল্লাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় কেউ অন্যায় করলে এভাবেই ব্যবস্থা নেওয়া হবে।