আ.লীগের নাশকতার বিরুদ্ধে সজলের কঠোর হুঁশিয়ারি


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 24, 2026 আ.লীগের নাশকতার বিরুদ্ধে সজলের কঠোর হুঁশিয়ারি
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিভিন্ন শিল্প-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

তিনি বলেছেন, ‘‘আমরা রাজপথের লোক। আপনাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না।’’

‎‎মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত গাড়ি ও মোটরসাইকেল শোডাউনকালে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎মনিরুল ইসলাম সজল বলেন, ‘‘দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য এবং বিভিন্ন গার্মেন্টস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের যে অপতৎপরতা চলছে, আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই।

আমরা সাড়ে ১৫ বছর লড়াই-সংগ্রাম করে টিকে ছিলাম। জনগণের ওপর অত্যাচার করে গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনারা দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন। সেখান থেকে দেশে নাশকতা করতে চান।’’

‎‎তিনি অভিযোগ করে বলেন, ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ও গার্মেন্টস কারখানাগুলো ধ্বংসের জন্য অপতৎপরতা চালানো হচ্ছে।

এসব শিল্পপ্রতিষ্ঠান সাধারণ মানুষের আয়ের অন্যতম প্রধান উৎস উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমরা একটি কথা পরিষ্কার করে বলতে চাই আমরা রাজপথের লোক। আপনাদের আর সুযোগ দেওয়া হবে না।’’

‎‎শামীম ওসমান প্রসঙ্গে সজল বলেন, ‘‘ইন্ডিয়াতে বসে আপনাদের নেতা শামীম ওসমান বলেন, তিনি ক্যান্সারে আক্রান্ত। তিনি বাংলাদেশে আসবেন না। আর আপনাদের নেত্রী শেখ হাসিনা আগামী ১৬ তারিখে বাংলাদেশে আসার ইচ্ছা পোষণ করেছেন। বাংলাদেশ তো দূরের কথা, বাংলাদেশের সীমানায়ও তারা ঢুকতে পারবে না, ইনশাআল্লাহ।’’

‎‎তিনি আরও বলেন, ‘‘যত সন্ত্রাসী কর্মকাণ্ড আপনারা করবেন, তার বিচার এ দেশের মাটিতেই হবে। আমরা কাউকে ছাড় দেব না। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন প্রত্যেকটি ওয়ার্ডের নেতাকর্মীরা পাড়া-মহল্লায় সজাগ রয়েছে।’’

‎‎সজল হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের ধরে পুলিশের কাছে সোপর্দ করা হবে। সন্ত্রাসীদের স্থান নারায়ণগঞ্জের মাটিতে হবে না।

‎‎এ সময় মহানগর যুবদলের নেতাকর্মীরা গাড়ি ও মোটরসাইকেল নিয়ে নগরীর বিভিন্ন সড়কে শোডাউন করেন এবং আওয়ামী লীগের নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।