ফতুল্লায় লেগুনাতে অ’গ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের ৯৭ জন আসামি


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 21, 2026 ফতুল্লায় লেগুনাতে অ’গ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের ৯৭ জন আসামি
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ডাকা লকডাউন চলাকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার চাঁদমারী এলাকায় দুটি লেগুনায় অগ্নিসংযোগের ঘটনায় কেন্দ্রীয় আওয়ামী শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশসহ ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ।

মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার নামীয় অন্য আসামিরা হলেন—মীর সোহেল আলী মীরু, মোহাম্মদ হাসান (২৯), মো. সিদ্দিকুর রহমান, আমজাদ হোসেন বাঁধন, আলতাফ সরদার (৫০), উজ্জল (৪০), ফরহাদ (৩৫), আল ফাহাদ অমিত (২৪), শামিউন সিনহা, বাসেদ মেম্বার, ইলিয়াস (৫০), দেলোয়ার (৪০), টিকা মোল্লা (৫০), মিলন (৪৫), পলাশ (৪৫), মো. সোহেল (৩০), শাওন, রাকিব হোসেন (৩০), রাসেল, ফয়সাল আহম্মেদ রূপম, হাজী মনিরুদ্দিন, আতাউর রহমান বাদল (৪৮), আজমত আলী (৪৫), মিরু হোসেন ওরফে ল্যাংড়া মিরু (৪৫), মো. রতন, আনিসুর রহমান শ্যামল (৫০), নুর হোসেন (৫০), মো. শিপলু (৫০), আমির (৪০), নেছার সোনি, ফাইজুল ইসলাম চেয়ারম্যান, শহর আলী, রাকিব হোসেন, শাহাদাত হোসেন সেন্টু ও সৌরভ (৩৫)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ নভেম্বর ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ফতুল্লা মডেল থানার চাঁদমারী এলাকায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবন সংলগ্ন হাফেজ মহিউদ্দিন শাহী দরবারের পাশে শুভর গ্যারেজের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে ফুটপাতের ওপর রাখা পুরোনো দুটি লেগুনায় দাহ্য পদার্থ দিয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

এতে লেগুনা দুটির সিট, গ্লাস, টায়ার ও প্লাস্টিকের বিভিন্ন অংশ পুড়ে যায় এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, লেগুনায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।