বিশুদ্ধ পানির সংকটে বন্দরবাসীর চরম দুর্ভোগ


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 15, 2026 বিশুদ্ধ পানির সংকটে বন্দরবাসীর চরম দুর্ভোগ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৫ নম্বর ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া ও সোমবাড়িয়া বাজার এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসন এবং বন্ধ থাকা সরকারি পানির পাম্প চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (১৫ নভেম্বর) সকালে ২৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নেছার উদ্দিন, বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেলসহ এলাকার ভুক্তভোগী বাসিন্দারা।

বিক্ষোভ সমাবেশে এলাকাবাসীর পক্ষে আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, "এসিআই মিলের কারণে সাধারণ মানুষ আজ চরম ভোগান্তির শিকার হচ্ছে। মিলের লোকজন ও প্রশাসনের যোগসাজশে আমাদের সরকারি পাম্পটি অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে। পাম্প ঠিক করার কথা বলে ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্টরা মোটরটি সরিয়ে নিয়ে মাটিচাপা বা গায়েব করে দিয়েছে।"

তিনি আরও বলেন, "এটি একটি সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের পানির উৎস। এই মোটরটি অফিসিয়াল নিয়মে কোথাও জমা হয়নি। এসিআই মিলের স্টাফ ও লোকজন নিজেদের স্বার্থে এবং নানা নির্যাতনের মাধ্যমে দীর্ঘ ছয় বছর ধরে এই পাম্পটি বন্ধ করে রেখেছে। তারা ওয়াসা ও সিটি কর্পোরেশনসহ বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়ে এই অন্যায় কাজ চালিয়ে যাচ্ছে।"

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দেখার অনুরোধ জানান।

মানববন্ধনে পানির সংকটে দুর্ভোগের কথা তুলে ধরে এক ভুক্তভোগী নারী বলেন, "পানির অভাবে আমরা নিয়মিত গোসল করতে পারি না, খাবার পানিরও অনেক সমস্যা। আপনারা দয়া করে আমাদের পানির সুব্যবস্থা করুন।"

মানববন্ধন শেষে এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে পানির সংকটে তাঁদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্রুত বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং বন্ধ থাকা সরকারি পাম্প চালু করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।