বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে যুবক গ্রেপ্তার


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 12, 2026 বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে যুবক গ্রেপ্তার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় একটি বসতবাড়ির আঙিনা থেকে প্রায় ছয় ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে এসআরবি-১১। এ ঘটনায় মো. মোবারক হোসেন ওরফে কালে খান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার মোবারক হোসেন শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার মৃত আনোয়ার হোসেন ও রাজিয়া খাতুনের ছেলে।

এসআরবি-১১-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় এক ব্যক্তি নিজ বাড়িতে অবৈধভাবে গাঁজা চাষ করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।

পরে তাঁর বসতঘরের সীমানা প্রাচীরের ভেতরে দরজার সামনে রোপণ করা অবস্থায় একটি জীবিত গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছটির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি এবং ডালপালা ও পাতাসহ ওজন ৩ কেজি ২০০ গ্রাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়ির ভেতরে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার মোবারক হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।