জ্বালাও-পোড়াও করলে আ. লীগের নেতাকর্মীদের এলাকায় থাকতে দেওয়া হবে না : রনি


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 20, 2026 জ্বালাও-পোড়াও করলে আ. লীগের নেতাকর্মীদের এলাকায় থাকতে দেওয়া হবে না : রনি
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, আওয়ামী লীগের জ্বালাও পোড়াও সহিংসার বিরুদ্ধে আমরা যুবদল সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে আছি। আমরা অন্তত নারায়ণগঞ্জে কোন ধরনের সহিংস ঘটনা ঘটতে দেব না। আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি জ্বালাও পোড়াও করতে চায়, যে এলাকায় এরুপ চেষ্টা করবে ওই এলাকায় আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে থাকতে দেওয়া হবে না। গত দুই বছরে আমরা তাদেরকে ( আওয়ামী লীগের নেতাকর্মীদের ) কিছু বলিনি। তারা যদি ভালোভাবে থাকতে চায় ভালোভাবে থাকতে পারবেন। কিন্তু তারা যদি জ্বালাও পোড়াও করতে চায়- তাদেরকে আর ছাড় দেওয়া হবেনা। তারা যদি স্বপ্ন দেখে তাদের আপা আসবে- সেই স্বপ্ন কখনো পূরণ হবেনা। বাংলাদেশের মাটি থেকে যেভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, নারায়ণগঞ্জের মাটি থেকে যেভাবে শামীম ওসমানকে বিতাড়িত করেছে; সুতরাং এই বাংলাদেশের মাটিতে তাদের ফিরে আসার সুযোগ নেই। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসা ঠেকাতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সড়কে শোডাউন করে তিনি এ কথা বলেন।  

আওয়ামী লীগের সহিংসতা রুখে দিতে রাজপথে যুবদল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ গোলাপগঞ্জে থানা, এমপির বাড়িঘর ও বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করে। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে তারা সারা বাংলাদেশে এই সহিংসতা করতে চাইছে। আওয়ামী লীগের সহিংসা রুখে দিতে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা সারা দিন রাজপথে ছিলাম। 

সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেননি উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর নানা অত্যাচার জুলুম সহ্য করেও সন্ত্রাসী কর্মকাণ্ডকে কখনো প্রশ্রয় দেইনি। বার বার রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের কারণে সাধারণ মানুষ কোন ধরনের ক্ষতিগ্রস্থ হয়নি। সে সময় আওয়ামী লীগ জ্বালাও পোড়াও করে বিএনপির ওপর চাপিয়ে দিয়েছিল। একইভাবে তারা এখনো জ্বালাও পোড়াও করছে। গতকাল নারায়ণগঞ্জে চারটি গাড়িতে আগুন দিয়েছে। 

আওয়ামী লীগ ফিরে আসার প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ যদি ফিরে আসতে চায় তাহলে সারধারণ মানুষের সাথে মিশতে হবে, সাধারণ মানুষের ভালো থাকার চাহিদা পূরণ করতে হবে। কিন্তু তারা যদি লগি বৈঠার মাধ্যমে মানুষ মেরে ফিরে আসতে চায় সেটা এ দেশের মানুষ আর সুযোগ দেবে না।

এ সময় যুবদলের শত শত নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল করে জেলা যুবদলের নেতাকর্মীরা। সেই সাথে আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মিছিল থেকে নানা স্লোগান দেওয়া হয়।