জাকির খান আমাকে কাউন্সিলর প্রার্থী হওয়ার নির্দেশ দিয়েছেন : দিদার খন্দকার


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 14, 2026 জাকির খান আমাকে কাউন্সিলর প্রার্থী হওয়ার নির্দেশ দিয়েছেন : দিদার খন্দকার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার বলেন, আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৪ নং ওয়ার্ডের আমি একজন কাউন্সিলর পদপ্রার্থী। জাকির ভাই আমাকে আসন্ন নাসিক নির্বাচনে কাউন্সিলর হিসেবে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশে আমি কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। এই এলাকা ও ওয়ার্ডের মানুষের জন্য কাজ করতে তিনি আমাকে নির্দেশনা দিয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের দেওভোগ জান্নাত কনভেনশন হলে আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশনের উদ্যোগে সনাতন ৭শ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ ও পূজা মণ্ডপে আর্থিক অনুদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, জাকির ভাই নারায়ণগঞ্জের একজন জনপ্রিয় নেতা। যিনি এলাকার মানুষের সাথে ও মাটির সাথে মিশে বড় হয়েছেন। যিনি সবাইকে সাথে নিয়ে চলতে চান। তার নির্দেশক্রমে আজ আমার এই পথ চলা। 

তিনি বলেন, জাকির খানের নির্দেশে দেওভোগ জিউস পুকুরপাড় পরিষ্কার করতে সিটি করপোরেশনে আবেদন করি। সেই পুকুরটি পরিষ্কার হলেও এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে। এ বিষয়ে জাকির ভাইকে অনুরোধ করবো, আপনি সিটি করপোরেশনের প্রশাসকের সাথে বসে বাকি কাজ সম্পন্ন করার আহবান জানাই। 

দিদার খন্দকার বলেন, ‘ আমাদের একটাই পরিচয় আমরা সবাই মানুষ, আমরা এক। আমি সবসময় আপনাদের পাশে আছি। সুখে-দুঃখে যেন আপনাদের পাশে থাকতে পারি, সে জন্য দোয়া করবেন। সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। ’

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান বলেন, এবারের দুর্গাপূজা অন্য বারের তুলনায় নারায়ণগঞ্জে উৎসবমুখর করার জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাই। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, দিদার খন্দকারের সহধর্মীনী শাহিনা খন্দকার,  গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস, পপী রাণী সরকার, সাখাওয়াত হোসেন সুপা, অমল দে, সাংবাদিক তাপস সাহা, শফিকুল ইসলাম বাবু, রোটারিয়ান কাজী শাহীন ও যুবদল নেতা পারভেজ সহ প্রমুখ।

আলোচনা সভা শেষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জে ৭০০ সনাতন ধর্মাবলম্বীর মাঝে নতুন বস্ত্র বিতরণ এবং ১২টি মন্দির ও পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়।