দশ বছর ধরে দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করছেন কাউন্সিলর প্রার্থী দিদার


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 14, 2026 দশ বছর ধরে দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করছেন কাউন্সিলর প্রার্থী দিদার
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জে ৭০০ সনাতন ধর্মাবলম্বীর মাঝে বস্ত্র বিতরণ ও ১২টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের দেওভোগ জান্নাত কনভেনশন হলে আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জের ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী দিদার খন্দকার এই সহযোগিতা করেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার বলেন, আমাদের একটাই পরিচয় আমরা সবাই মানুষ, আমরা এক। আমি সবসময় আপনাদের পাশে আছি। সুখে-দুঃখে যেন আপনাদের পাশে থাকতে পারি, সে জন্য দোয়া করবেন। সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা।’

তিনি আরও বলেন, প্রতি বছরের ন্যায় এবারও  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৭০০ সনাতন ধর্মাবলম্বীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এবং ১২টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়। দীর্ঘ ১০ বছর ধরে সামান্য প্রচেষ্টার অংশ হিসেবে ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সহযোগিতা করে আসছি। আমি জনগণের সেবা করে জনগণের পাশে দাঁড়াতে চাই। আগামীকে কাউন্সিলর হয়ে জনগণের সেবা করতে চাই।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান বলেন, এবারের দুর্গাপূজা অন্য বারের তুলনায় নারায়ণগঞ্জে উৎসবমুখর করার জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাই। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, দিদার খন্দকারের সহধর্মীনী শাহিনা খন্দকার,  গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস, পপী রাণী সরকার, সাখাওয়াত হোসেন সুপা, অমল দে, সাংবাদিক তাপস সাহা, শফিকুল ইসলাম বাবু, রোটারিয়ান কাজী শাহীন ও যুবদল নেতা পারভেজ সহ প্রমুখ।