জামায়াতের কার্যালয়ে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 13, 2026 জামায়াতের কার্যালয়ে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জের বন্দরে জামায়াতে ইসলামীর একটি ওয়ার্ড কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ করেছেন দলটির নেতারা। তাদের অভিযোগ, রাতের বেলা কার্যালয়ের সামনে কেরোসিন ঢেলে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে কার্যালয়ের সামনে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কিছু ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত বারোটার দিকে কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া বাজার এলাকায় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন জামায়াত নেতা মো. আনোয়ার পারভেজ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে দলটির কলাগাছিয়া ইউনিয়ন শাখার আমীর পারভেজ বলেন, “রাত সাড়ে ১২টার দিকে দুই থেকে তিনজন ব্যক্তি বোতলে করে কেরোসিন নিয়ে কার্যালয়ের সামনে আসে। পরে কার্যালয়ের শাটারের নিচের ফাঁকা জায়গা দিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে কিছু প্লাস্টিক সামগ্রী পুড়ে যায়।”

তবে, আশেপাশে সড়কে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় এই ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করতে পারেননি বলে জানান ওই জামায়াত নেতা।

তবে, তাদের সন্দেহ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান। বলেন, “দুর্বৃত্তরা জামায়াতের ওয়ার্ড শাখার কার্যালয়টিতে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

এই ঘটনায় এখনো জামায়াতের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি জানিয়ে সন্ধ্যায় এ পুলিশ কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ অনুযায়ী পরবর্তী তদন্ত কার্যক্রম চলবে।

এদিকে, এই ঘটনায় শুক্রবার বিকেলে কলাগাছিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেন দলটির নেতা-কর্মীরা। এ কর্মসূচি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ি করে জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন নেতারা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ ও সহযোগীরা এখনো বিভিন্নভাবে নাশকতা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। কলাগাছিয়া ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাকে তারা এ ধরনের ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী, সেক্রেটারি আরিফুল ইসলাম এবং কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আমীন।

আগুনের ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দলটির জেলা শাখা। 

এক বিজ্ঞপ্তিতে জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, “আওয়ামী লীগের অনুসারীরা নতুন করে জ্বালাও-পোড়াও শুরু করেছে। রাতের আঁধারে চোরাগোপ্তা হামলা চালিয়ে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। বর্তমান ক্ষমতাসীন মহলের আনুকূল্য এবং প্রশাসনের নীরবতার কারণে এসব কর্মকাণ্ডের সাহস পাচ্ছে তারা।”