সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 14, 2026 সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তাবলিগ জামাতের সাদপন্থীদের উদ্যোগে আসন্ন জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ওলামায়ে কেরাম ও মুসল্লিরা।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তাবলিগ জামাতের সাদপন্থীদের নেতা মাওলানা সাদের বিভিন্ন বয়ান ও বক্তব্য নিয়ে দীর্ঘদিন ধরে ধর্মীয় অঙ্গনে বিতর্ক রয়েছে। তাঁদের অভিযোগ, মাওলানা সাদ বিভিন্ন সময়ে কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা দিয়েছেন এবং নবী-রাসুল ও সাহাবায়ে কেরামের মর্যাদাবিরোধী বক্তব্য দিয়েছেন। বক্তাদের দাবি, এসব বক্তব্য ইসলামের মৌলিক আকিদা ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী।

এ কারণে রূপগঞ্জের তারাবো এলাকায় সাদপন্থীদের উদ্যোগে প্রস্তাবিত জেলা ইজতেমা আয়োজনের অনুমতি না দেওয়া এবং ইজতেমা বন্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জিম্মাদার মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি নুরুল হক ডহরি, মাওলানা সাদিকুর রহমানসহ স্থানীয় আলেম ও মুসল্লিরা।

বক্তারা জানান, সাদপন্থীরা ইতোমধ্যে ইজতেমা মাঠে বিভিন্ন ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছেন। পাশাপাশি ইজতেমা আয়োজনের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদনও জমা দিয়েছেন। এ অবস্থায় ইজতেমার অনুমতি না দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।

উল্লেখ্য, রূপগঞ্জের তারাবো এলাকায় সর্বশেষ ২০২২ সালে সাদপন্থীদের উদ্যোগে জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর পুনরায় ইজতেমা আয়োজনের প্রস্তুতিকে কেন্দ্র করে স্থানীয় ধর্মীয় অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে বক্তারা তাঁদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।