আমরা রাজপথে থেকে আওয়ামী লীগকে মোকাবিলা করব: সজল


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 18, 2026 আমরা রাজপথে থেকে আওয়ামী লীগকে মোকাবিলা করব: সজল
স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল। কর্মসূচিতে সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নারায়ণগঞ্জে কোনো ধরনের নাশকতা বা অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় শহরের খানপুর হাসপাতাল রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে। সেখানে বসে তারা শান্তিপ্রিয় এই রাষ্ট্রকে অস্থিতিশীল করতে অর্থলগ্নি করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদেশের দেশপ্রেমিক জনগণ যেভাবে শেখ হাসিনাকে প্রতিরোধ করে দেশ থেকে বিতাড়িত করেছে, সেভাবে আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসরদের সমস্ত সন্ত্রাসী কর্মকাÐ জাতীয়তাবাদী যুবদল প্রতিহত করবে।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সাড়ে ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। মহানগর যুবদলের আহ্বায়ক হিসেবে আপনাদের প্রতি নির্দেশ রইল, প্রত্যেকটি ওয়ার্ডে যুবদলের নেতাকর্মীরা সজাগ থাকবেন। যেখানেই নাশকতাকারীরা নাশকতার চেষ্টা করবে, সেখানেই তাদের ধরে পুলিশের হাতে হস্তান্তর করবেন। সন্ত্রাসীদের বাংলাদেশে কোনো ঠাঁই নাই, নারায়ণগঞ্জেও কোনো ঠাঁই নাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে আমরা রাজপথে থেকে আওয়ামী লীগকে মোকাবিলা করব।”

সমাবেশে মহানগর যুবদলের সদস্যসচিব মোহাম্মদ শাহেদ আহমেদ বলেন, “গতকাল এবং পরশু গোপালগঞ্জে কী ঘটাতে চেয়েছে এবং কী ঘটিয়েছে আপনারা দেখেছেন। বিগত ১৭ বছর একটি ফ্যাসিস্ট সরকারের গুম-খুন ও নিপীড়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জের মাটিতে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করেছি। কিন্তু নারায়ণগঞ্জের মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমরা সাধারণ জনগণ বা সরকারের জানমালের কোনো ক্ষতি করেছি।”

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে শাহেদ আহমেদ আরও বলেন, “আমরা শুনতে পাচ্ছি, নতুন নতুন অস্ত্র কিনে মিছিলে ও নাশকতায় কন্ট্রাক্ট ফান্ডিং করা হচ্ছে। নারায়ণগঞ্জের মাটিতে যদি কোনো অস্ত্রবাজি বা ফান্ডিংয়ের মাধ্যমে কোনো ঘটনা ঘটে, তাহলে প্রত্যেকটা ওয়ার্ড ও গলিতে যারা আওয়ামী লীগ করে কাউকে ছাড় দেওয়া হবে না। ৫ তারিখের পর আমরা কারও ওপর আঘাত করিনি। কিন্তু এবার একটা ঘটনা ঘটলে নারায়ণগঞ্জ মহানগর যুবদল প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে চিহ্নিত করবে।”

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে এবং সদস্যসচিব মোহাম্মদ শাহেদ আহমেদের সঞ্চালনায় কর্মস‚চিতে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমল, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, সাইফুল আলম সজীব ও জাকির হোসেন সেন্টুসহ মহানগর এবং বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।